কাতারে আয়োজিতব্য এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল চূড়ান্ত করা হয়। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে সাইফ হাসানের কাঁধে।
ঘোষিত এই দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে রাখা হয়েছে, যাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। এমন আটজন ক্রিকেটারের মধ্যে রয়েছেন অধিনায়ক সাইফ হাসান, শাহাদাত হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল। দলের অন্যান্য সদস্যরা হলেন ইফতেখার হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসীর, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও ইকবাল হোসেন।
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে রাইজিং স্টার্স এশিয়া কাপ। টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটি খেলবে ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলংকা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের বাধা টপকাতে পারলে বাংলাদেশ ২৬ অথবা ২৭ নভেম্বর সেমিফাইনালে অংশ নেবে। সবশেষে ২৯ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।




