দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও ভাঙচুরের ঘটনাকে একটি গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো শ্রমিক কিংবা মালিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের দাবি আদায় করতে পারেন না। তিনি বিশ্বাস করেন যে, কোনো সচেতন শ্রমিক এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়াবেন না। বরং কিছু ধান্দাবাজ ও ষড়যন্ত্রকারী পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এই পরিস্থিতিতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
পোশাক খাতের বর্তমান সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে যে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়, তা নষ্ট করার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। এই সংকটময় মুহূর্তে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন জামায়াত আমীর।




