বাংলাদেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা এবং গ্রামীণ জীবনযাত্রার সাথে কৃষি অঙ্গাঙ্গীভাবে জড়িত। এই খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও লাভজনক করার লক্ষ্যে দক্ষ কৃষিবিদ ও উদ্ভাবনী গবেষক তৈরির ক্ষেত্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আজ ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। ২০০৬ সালের এই দিনে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে সাতটি অনুষদ ও ৪৭টি বিভাগের মাধ্যমে শিক্ষা ও গবেষণার এক বিস্তৃত পরিসরে কাজ করছে।
বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এর অর্জনে গর্ববোধের পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা রয়েছে। একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সাফল্য কেবল ডিগ্রিধারী শিক্ষার্থীর সংখ্যা দিয়ে বিচার করা সম্ভব নয়; বরং শিক্ষার্থীরা কতটা দক্ষ হয়ে উঠছেন এবং তাদের গবেষণা দেশের কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে কতটা কার্যকর অবদান রাখছে, সেটিই মুখ্য।
সিকৃবির অগ্রযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। বিশেষ করে প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত অভিজ্ঞতা, গবেষণালব্ধ জ্ঞান এবং উদ্যোক্তা হিসেবে সাফল্যের গল্পগুলো বর্তমান শিক্ষার্থীদের জন্য কার্যকর দিকনির্দেশনা হতে পারে। এ লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও শক্তিশালী করা প্রয়োজন।
শিক্ষার্থীদের মানসম্মত আবাসন, সমৃদ্ধ গ্রন্থাগার, আধুনিক পরীক্ষাগার এবং গবেষণার জন্য পর্যাপ্ত উপকরণের পাশাপাশি একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব। একই সাথে একাডেমিক স্বচ্ছতা, জবাবদিহি, মেধার মূল্যায়ন এবং গবেষণার স্বাধীনতা বজায় রাখার ওপরও গুরুত্ব দিতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও সামগ্রিক বিকাশের বিষয়টিতে নজর দেওয়া জরুরি।
রাষ্ট্রের পক্ষ থেকে কৃষি উচ্চশিক্ষা ও গবেষণায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিশ্চিত করা অপরিহার্য। কৃষি গবেষণাকে ব্যয় হিসেবে না দেখে এটিকে খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চাবিকাঠি হিসেবে বিবেচনা করতে হবে। বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত অর্থায়নের পাশাপাশি গবেষণার ফলাফল মাঠপর্যায়ে প্রয়োগের ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
আগামী দিনের জন্য সিকৃবির লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের নৈতিকতাসম্পন্ন কৃষিবিদ হিসেবে গড়ে তোলা, মানসম্মত গবেষণার পরিসর বাড়ানো এবং প্রযুক্তি উদ্ভাবনের সাথে কৃষি সম্প্রসারণের সংযোগ স্থাপন। আন্তর্জাতিক মানের গবেষণার পরিবেশ তৈরির পাশাপাশি গবেষণার উৎকর্ষ যেন দেশের কৃষি ও কৃষকের বাস্তব প্রয়োজনের সাথে বিচ্ছিন্ন না হয়, সেদিকেও বিশেষ নজর দিতে হবে।




