মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। এই আন্দোলনের প্রেক্ষিতে রবিবার (১ নভেম্বর) আশুলিয়া, সাভার ও গাজীপুর এলাকার তিন শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেই ১৭৭টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। এছাড়া গাজীপুরেও শতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। কারখানার নিরাপত্তা নিশ্চিত করতেই কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে বাধা দেওয়ার সুযোগ নেই। তবে সরকার মজুরি বোর্ড গঠনের পরও এই ধরনের বিক্ষোভের পেছনে পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এদিকে শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, গাজীপুরের চৌরাস্তা থেকে চন্দ্রা পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় শতাধিক কারখানা আজ বন্ধ ছিল। তবে ওই এলাকার অন্যান্য কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, সোমবার থেকে সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।




