দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই দুই মন্ত্রী যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তবে দেশজুড়ে মিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘেরাও করে দাবি আদায় করা হবে। ‘এবার আমরা গঙ্গা চুক্তিতে কোনোভাবেই বিন্দু পরিমাণ আমাদের ন্যায্য হিস্যায় ছাড় দেব না’ বলেও উল্লেখ করেন নাহিদ।
শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদ জানানো হয়। সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। বিকেল ৪টা ১০ মিনিটে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে সংবিধান সংশোধনের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দেশের চলমান নৈরাজ্য ও গুম-খুনের দায় নিয়ে তাঁকে পদত্যাগ করতে হবে। জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, দুজনই তাদের নিজ নিজ ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা–৮ আসনে পরিকল্পনা ও ষড়যন্ত্র করে হারানো হয়েছিল।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, লন্ডন থেকে আসার পর তারেক রহমানের কাছে দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই, বরং দুর্নীতি ও লুটপাট কায়েমের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে এক স্বৈরাচারের বিদায় হলেও বর্তমানে নতুন স্বৈরাচারের উত্থান ঘটছে। তরুণ সমাজ ও জুলাই গণ-অভ্যুত্থানের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে উভয় স্বৈরাচারকে পরাজিত করার আহ্বান জানান তিনি।
সমাবেশে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন জ্বালানি তেলের উচ্চমূল্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, কলকাতায় এলপিজির দাম ১ হাজার টাকা হলেও বাংলাদেশে কেন তা ২৫০০ টাকায় কিনতে হচ্ছে? তিনি সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান।
সমাবেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারের সভাপতিত্বে সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি ছিল এনসিপির মাঠপর্যায়ে সবচেয়ে বড় কর্মসূচি।




