আফগানিস্তানের সীমান্ত এলাকায় তালেবান যোদ্ধাদের একাধিক সেনা চৌকি এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার (৩০ অক্টোবর) দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান এবং পারাচিনার সীমান্ত এলাকা থেকে পাক বাহিনী এই হামলা চালায়।
পাকিস্তানের সেনাবাহিনীর একটি সূত্রের দাবি, গত বুধবার আফগান সেনারা বিনা উস্কানিতে আঙ্গুর আড্ডা এলাকায় গুলি ছোড়ে। এর প্রতিক্রিয়ায় শুক্রবার আফগান সেনাদের অবস্থান লক্ষ্য করে পাকিস্তান পাল্টা হামলা চালায়। পাক সামরিক সূত্র আরও দাবি করেছে, হামলার মুখে আফগান সেনারা তাদের অবস্থান ছেড়ে পালিয়ে গেছে এবং এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে।
এর আগে গত বুধবার আঙ্গুর আড্ডায় আফগানদের হামলায় একজন নিহত এবং একই পরিবারের বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনার পরপরই পাকিস্তান প্রথম দফায় পাল্টা হামলা চালিয়েছিল। দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার জানিয়েছেন, কোনো উস্কানি ছাড়াই বুধবার আফগান সেনারা আঙ্গুর আড্ডা বাজারে গুলি ছুড়েছিল, যা থেকে হতাহতের এই ঘটনা ঘটে।
গত কয়েকদিন ধরেই যেখানে এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে, সেখানে চরম উত্তেজনা বিরাজ করছিল। শেষ পর্যন্ত এই পরিস্থিতি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে বলে জানিয়েছে জিও টিভি।




