স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে মোরো ও অর্গাজ পৌর এলাকার মাঝামাঝি স্থানে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্থানীয় সংবাদমাধ্যমকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে।
রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, রেনফে পরিচালিত একটি ট্রেনের সঙ্গে ইরিও কোম্পানির আরেকটি ট্রেনের এই সংঘর্ষ হয়। ইরিওর ট্রেনটি মাদ্রিদ-সেভিয়া রুটে চলাচল করছিল। দুর্ঘটনার পরপরই আদিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে যে, ওই রেলপথে চলাচলকারী সব ট্রেন বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়েছে।
উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম টিভিইকে জানিয়েছেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জরুরি পরিষেবার মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে দমকল বাহিনীর একাধিক দল, তিনটি হেলিকপ্টার এবং নিবিড় পরিচর্যার সুবিধাসম্পন্ন দুটি মোবাইল মেডিকেল ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি দ্রুতগতির ট্রেন পেছন থেকে অন্য একটি ট্রেনকে ধাক্কা দিলে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।




