পাবনার ঈশ্বরদীতে পৃথক অভিযানে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ রাখা ও ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই দণ্ডাদেশ দেন।
অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন পিয়ারাখলী গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. শহীদুল ইসলাম (৪২) এবং মানিকনগর গ্রামের আবেদ আলী বিশ্বাসের ছেলে রায়হান উদ্দিন জনি (৪০)। অভিযান সূত্রে জানা যায়, নতুনহাট বাজারের ‘ইমামুল ড্রাগ হাউজ’ নামের ওষুধের দোকানে অভিযান চালিয়ে শহীদুল ইসলামের কাছ থেকে ১০ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ৫০০টি জিনসেং নামক ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই সময়ে মানিকনগর পাঠশালার মোড় এলাকায় অপর অভিযানে নিজ বসতবাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় রায়হান উদ্দিন জনিকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



