আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। আজ শনিবার(২৫ জুলাই) দুপুরে আনোয়ারা থানার পুলিশ গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠিয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ শেরশাহ কলোনি ও বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো: এরশাদ (৩৮) এবং তার সহযোগী মো: শামিম মাতব্বর তামিম (৩০)।
পুলিশ জানায় , আনোয়ারার শিলাইগড়া এলাকার বাসিন্দা ও পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক মফজল আহমদ গত ১১ জুলাই রাতে তার পারিবারিক মালিকানাধীন সিএনজি অটোরিকশাটি বাড়ির উঠানে রেখে নিজ বাড়িতে যান। পরদিন ভোরে ঘুম থেকে ওঠে তিনি বাড়ির গেট ও গাড়ির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। সিএনজি অটোরিকশাটিও নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি আনোয়ারা থানায় একটি মামলা করেন। চুরি হওয়া সিএনজি অটোরিকশাটির আনুমানিক মূল্য তিন লাখ ৭০ হাজার টাকা।
এদিকে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে জানান, গ্রেফতার হওয়া এরশাদ আন্তঃজেলা সিএনজি চালিত অটোরিকশা চোরচক্রের মূলহোতা। তার বিরুদ্ধে রাঙ্গামাটির কাউখালী এবং চট্টগ্রামের সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান ও নগরীর চান্দগাঁও থানাসহ বিভিন্ন থানায় সিঁধেল চুরি ও মাদক আইনে ছয়টিরও বেশি মামলা রয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। চুরি হওয়া সিএনজি অটোরিকশা উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।




