সেলিম উদ্দিন, ঈদগাঁও: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, (পিপিএম) গতকাল শুক্রবার(৩০ অক্টোবর) সন্ধ্যায় ঈদগাঁও থানা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে ডিআইজি সংশ্লিষ্ট থানার সার্বিক কার্যক্রম, ভৌত অবকাঠামো এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় তিনি অফিসার-ফোর্সের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জবাবদিহিতা ও রুলস-রেগুলেশনস যথাযথভাবে অনুসরণসহ প্রশাসনিক ও অপারেশনাল বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জন নিরাপত্তা নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং জোরদারে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সরকারের অগ্রাধিকার কর্মসূচি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ বাস্তবায়নে থানা কম্পাউন্ডে একটি চারা গাছ রোপন করেন।
এছাড়াও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে আইনশৃংখলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শনকালে কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা ও থানার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




