বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন চকরিয়া উপজেলার মানিকপুর বনবিটের সেগুন বাগান এখন প্রকৃতিপ্রেমী মানুষের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। প্রতিদিন বিকেলে সবুজে ঘেরা এই বনাঞ্চলে দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে পুরো এলাকা। তবে প্রকৃতির এই সৌন্দর্যের আড়ালে বন রক্ষার ক্ষেত্রে জনবল সংকট, বনদস্যুদের তৎপরতা এবং রাজনৈতিক প্রভাবের মতো একাধিক চ্যালেঞ্জের কথাও সামনে এসেছে।
স্থানীয় সূত্র জানায়, এক সময় এই বনাঞ্চলের বিভিন্ন অংশে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ ছিল। বন বিভাগের নজরদারি বাড়লেও সুযোগ পেলেই সক্রিয় হয়ে ওঠে কাঠচোর চক্র। ফলে নতুন করে সৃষ্ট বাগান এবং বিদ্যমান বনাঞ্চল রক্ষা নিয়ে উদ্বেগ কাটছে না।
বাগান পরিদর্শনে আসা দর্শনার্থী সাদ্দাম বলেন, “এই সেগুন বাগান শুধু বিনোদনের স্থান নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার পাঁচ কোটি গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে, যা অবশ্যই ইতিবাচক। কিন্তু একই সময়ে যদি বনদস্যুরা নির্বিচারে গাছ কেটে বন উজাড় করে, তাহলে সেই উদ্যোগের সুফল প্রশ্নের মুখে পড়বে।”
মানিকপুর বন বিট কর্মকর্তা মোরশেদ বলেন, “জনবল সংকট আমাদের অন্যতম বড় সমস্যা। সীমিত জনবল নিয়েই বন রক্ষায় কাজ করছি। তবে স্থানীয় সহযোগিতা এবং রাজনৈতিক প্রশ্রয় বন্ধ না হলে বনদস্যুদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন।”
পরিবেশ রক্ষায় কাজ করা একটি সামাজিক সংগঠনের এক কর্মী বলেন, “বন সংরক্ষণকে শুধু বন বিভাগের দায়িত্ব হিসেবে দেখলে চলবে না। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে বন ধ্বংসে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।”
স্থানীয়দের অভিযোগ, বন রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ থাকলেও মাঠপর্যায়ে আরও কঠোর নজরদারি প্রয়োজন। বনদস্যুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, অবৈধ কাঠ পাচার বন্ধ এবং বনভূমি দখল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না নিলে মানিকপুরের এই প্রাকৃতিক সম্পদও একসময় হুমকির মুখে পড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, বন সংরক্ষণ শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়; এটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই কেবল বৃক্ষরোপণ নয়, বিদ্যমান বন রক্ষা এবং অবৈধ বন নিধন বন্ধ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।




