সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়ায় খেলার ছলে ঘরের বাইরে খড়ে দেওয়া একই আগুনে নিজ ঘরে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে আপন ভাই-বোন। মৃতরা হলো, জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩)।আজ রোববার (১৫ মার্চ) বিকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চুড়ামনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু লক্ষ্মীপুর জেলার মো. হাসান-হালিমা আক্তার দম্পতির সন্তান। হাসান-হালিমা দম্পতি চুড়ামনি এলাকার জেএমবি ব্রিকস নামক একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।
জানা যায়, হাসান-হালিমা দম্পতি সন্তানদের নিয়ে ইটভাটার শ্রমিকদের থাকার অস্থায়ী বসতঘরে বসবাস করতেন। ওই বসতঘরটি বাঁশের বেড়া ও পলিথিনের ছাউনি দিয়ে তৈরি। মা-বাবা কাজে যাওয়ার পর নিহত শিশু জাহেদা ও মালেক খেলার ছলে বসতঘরের পাশের কিছু খড়কুটোয় আগুন দিয়ে কক্ষে ডুকে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়লে তারা আর কক্ষ থেকে বের হতে পারেনি। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে তারা মারা যান।
সাতকানিয়া উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফিরোজ কুতুবী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এরপর সেখান থেকে দুই শিশুর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। পরে তাদের মরদেহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। অগ্নিকাণ্ডের উৎস তাৎক্ষণিক করা যায়নি। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের আসল কারণ উদঘাটন করা হবে।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, উদ্ধারকৃত দুই শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




