স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের দরজা নির্বাচকদের পক্ষ থেকে খোলা ছিল আগে থেকে। তামিম ইকবাল পুনরায় প্রবেশ করতে চান কি না সেটা নিয়েই ছিল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর জানার জন্য আলোচনায় বসার কথা হচ্ছিল লম্বা সময় ধরে। অবশেষে সেই দিনটির দেখা মিলল বিপিএলের বিরতির দিনে।
বুধবার (০৮ জানুয়ারি, ২০২৫) সিলেটে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে আলোচনায় বসেছিলেন জাতীয় নির্বাচক প্যানেল। যেখানে খোলামেলা আলোচনা হয়েছে ঠিকই। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে।
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তামিমকে চাইছেন জাতীয় দলের নির্বাচক প্যানেল। জাতীয় দলের আগ্রহের ব্যাপারে খুশি তামিমও। তবে নিজের ফেরার সিদ্ধান্ত জানাতে আরেকটু সময় চেয়েছেন দেশের সবচেয়ে সফলতম ওপেনার।
গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘‘নির্বাচক প্যানেলের সঙ্গে তামিম ইকবাল আজ আলোচনায় বসেছিলেন। বৈঠকটা সুন্দরভাবে, আন্তরিকভাবে হয়েছে। বেশ কিছু ব্যাপার নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি। ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে। যেটা সব সময়ই হয়। আমরা নির্বাচক হলেও সবাই প্রাক্তন ক্রিকেটার। তামিমেরে সঙ্গে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের ক্রিকেট, জাতীয় ক্রিকেট, জাতীয় টিম, বিপিএল সব কিছু নিয়ে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে।’’
‘‘আমাদের আলোচনার বিষয়টা আমাদের কাছেই থাক। সরাসরি উত্তরটা দেব না। আমরা ব্যাপারটা (চ্যাম্পিয়নস ট্রফিতে তামিমের অংশগ্রহণ) আলোচনা করেছি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। তামিমকে একটু সময় দিতে হবে।’’
১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করতে হবে বিসিবিকে। তামিম নিজের সিদ্ধান্ত এর মধ্যেই জানাবেন বলে আশাবাদী গাজী আশরাফ হোসেন, ‘‘এটা তো খুব পরিস্কার বিষয়। চারদিন তো অনেক সময়। আমাদের তো হোম ওয়ার্ক করা আছে টিমটা কেমন হতে পারে। ছকটাও তো করা আছে। সেই ছকটা পূর্ণ করে বোর্ডের কাছে দেওয়া খুব বেশি সময়ের ব্যাপার না।’’
‘‘আমরা তামিমের মতো একজন খেলোয়াড়কে নিশ্চিতভাবেই সম্মান জানাই। তার সিদ্ধান্তেরও সম্মান জানাই। তিনি যদি আরেকটু সময় নেন তাহলে ফেয়ার এনাফ। বোর্ডের সঙ্গে কথা বলেছি, তাদেরও কোনো অসুবিধা নেই। আর কিছু সময় ধৈর্য্যশীল হতে হবে। অনেকদিন তো অপেক্ষা করলেন। বেশি তাড়াহুড়া করলে কিন্তু রান আউট হতে হয়।’’




