মোহাম্মদ ফারুক: হকি কেন্দ্র আয়োজিত ১০ম বিজয় কাপ হকির ১ম কোয়ালিফায়ার ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে জামালউদ্দীন সি.এস.এস ৪-৩ গোলে পদাতিক কে পরাজিত করে প্রথম দল হিসাবে ফাইনালে উঠেছে। আজ শনিবার(২৮ ডিসেম্বর) মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত খেলার শুরু থেকে আক্রমণ রচনা করে প্রাধান্য বিস্তার করে পদাতিক, খেলার ২১মিনিটে আরাফাতের ফিল্ড গোলে (১-০) তারা এগিয়ে ছিল। তবে ঠিক ২মিনিট পর পাল্টা আক্রমণ রচনা করে কুশলী ফরোয়ার্ড ইসমাইলের ফিল্ড গোলে জামালউদ্দীন ( ১ – ১) এ সমতায় ফিরে।
এসময়ে ম্যাচের উত্তেজনা বৃদ্ধি পায়। তবে খেলার ২৬মিনিটে আবারো গোল আসে পিসি থেকে রকির করা গোল থেকে এবং ২-১ এর লীড নেয় পদাতিক। তবে খেলার ২৮, ৩৪ ও ৩৫ মিনিটে পরপর তিনটি গোল করলে ৪-২ এর লীড নেয় জামালউদ্দীন সি.এস.এস। এরপর পদাতিক খেলার ৩৭মিনিটে তাদের প্রাপ্ত পিসি থেকে রকি ‘র চাতুর্যপূর্ণ ফ্লিকে গোল করলে ব্যাবধান কমে আসে ৪-৩ এ।
পরবর্তিতে পাল্টা আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি পদাতিক। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে জামালউদ্দীন সি.এস.এস। এ জয় দিয়ে ফাইনালে তারা। তবে টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যাওয়ার সম্ভাবনা এখনো জিইয়ে রেখেছে পদাতিক,তাদের দ্বিতীয় কোয়ালিফায়ার জিততে হবে।
মাঝ মাঠে কৃতিত্বপূর্ণ নৈপুণ্য প্রদর্শন এবং দুটো গোলের জন্য, ম্যাচের সেরা খেলোয়াড় ইসমাইল-কে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর এবং হকি কমিটি’র সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল আলম খান।
আম্পায়ার ছিলেন খালেদ মাহমুদ ও জন দত্ত।
রবিবার খেলা: (এলিমেনেটর) কেপিডিএল স্পোর্টিং ক্লাব বনাম টি.সি.এস একাদশ (দুপুর ২:৩০টা)




