আন্তর্জাতিক ডেস্ক: বাধ্যতামূলক হিসাব আইন কার্যকর করতে আবারও রাস্তায় ‘বিতর্কিত’ নৈতিকতা পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইরান। রোববার (১৬ জুলাই) দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখপাত্র সাঈদ মোন্তাজেরালমাহদি এ তথ্য জানান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। এ নিয়ে আইনও রয়েছে। আইন না মানলে শাস্তির বিধানও রাখা হয়েছে।
ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখপাত্র সাঈদ মোন্তাজেরালমাহদি বলেন, এখন থেকে আবারও পায়ে হেঁটে এবং গাড়িতে করে টহল দেবে নৈতিকতা পুলিশ। হিজাব আইন মানা হচ্ছে কি-না, তা পর্যবেক্ষণ করবেন তাঁরা। মানা না হলে সতর্ক করা হবে। এরপর আইনের ব্যাপারে জানানো হবে।
তবে এবারও গ্রেপ্তার করার অনুমতি পেয়েছে নৈতিকতা পুলিশ। নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী নারী মাহসা আমিনির মৃত্যুর ১০ মাস পর এ সিদ্ধান্তের কথা জানা গেল।
মাহসা আমিনির মৃত্যু ঘিরে ইরানে হিজাববিরোধী প্রতিবাদ শুরু হয়েছিল। অনেককে আটক করেছিল পুলিশ। তবে ধীরে ধীরে আন্দোলন স্থিমিত হয়ে যায়।




