বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধি: আগামীদিনের বাংলাদেশের নেতৃত্ব ন্যায় ও ইনসাফের ভিত্তিতে গড়ে উঠবে-এমন প্রত্যাশা ব্যক্ত করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, চকরিয়া–পেকুয়া আসনের দায়িত্ব তিনি তরুণ জননেতা আব্দুল্লাহ আল ফারুকের হাতে তুলে দিলেন।
আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের বাহারছড়া মুক্তিযুদ্ধা মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রতীকীভাবে দাঁড়িপাল্লা তুলে দিয়ে তিনি এ ঘোষণা দেন। জনসভায় হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, “আগামীদিনের বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। আসন্ন নির্বাচন কেবল ক্ষমতার নয়—এ নির্বাচন ইসলাম, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার নির্বাচন।” তিনি দখলবাজি, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “যে রাজনীতি মানুষের হক নষ্ট করে, সে রাজনীতি আমরা আর দেখতে চাই না। দাঁড়িপাল্লা প্রতীক হচ্ছে ইনসাফ, সততা ও জবাবদিহিতার প্রতীক।”
সভায় বক্তব্য রাখতে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন, “আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি করতে এসেছি। ইনশাআল্লাহ, জনগণের রায়ে বিজয়ী হলে চকরিয়া–পেকুয়াকে দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক এলাকায় পরিণত করবো।”
জনসভা শেষে উপস্থিত জনতা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে মাঠ—“নারায়ে তাকবির, আল্লাহু আকবর”,“ইনকিলাব জিন্দাবাদ”।
এই জনসভাকে ঘিরে কক্সবাজার অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি ও আলোচনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।




