বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার কিংবদন্তিতুল্য নায়ক রাজ্জাকের আজ জন্মদিন। দিনটিতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তার সহকর্মীরা। চিত্রনায়িকা অঞ্জনা ফেসবুকে নায়করাজ সম্পর্কে লিখেছেন: ‘শুভ জন্মদিন বাংলা চলচ্চিত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়করাজ রাজ্জাক ভাই। তার সম্পর্কে সত্যিকার অর্থেই আমার বলার ভাষা নেই। তিনি নায়ক, ধীরাজ, বাংলা চলচ্চিত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। প্রায় ৫০ বছর যার অবস্থান বাংলা চলচ্চিত্রে সমুজ্জ্বল। যার অভিনয়ের ধারাবাহিকতায় মুগ্ধ হয়ে পরবর্তী সময়ে চলচ্চিত্রে তৈরি হয়েছিল অনেক স্টার, সুপারস্টার।
কিন্তু নায়করাজ সবার মথার মুকুট হয়ে রয়ে গিয়েছিলেন একটি জায়গায়, যে অবস্থানটি কেউ কখনও টলানোর স্পর্ধা ও ধৃষ্টতা করতে পারেনি। কারণ তিনি ছিলেন নায়করাজ; কোনো প্রকার ফিল্ম পলিটিক্স তাকে তার অনন্য উচ্চতা থেকে, দর্শকপ্রিয়তা থেকে এক চুল নড়াতে পারেনি।’
নিজেকে ভাগ্যবতী দাবি করে অঞ্জনা আরো লিখেছেন: ‘আমি ধন্য, সৌভাগ্যবতী এই মহানায়ক, সুমহান অভিনেতার সঙ্গে জুটি হিসেবে অসংখ্য কালজয়ী, দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছি। শুধু তাই নয়, রাজ্জাক ভাই পরিচালিত ব্লকবাস্টার চলচ্চিত্র (যেটি ১৯৮৫ সালের সর্বোচ্চ ব্যাবসা সফল চলচ্চিত্র) ‘অভিযান’-এ তিনি আমাকে ওনার বিপরীতে কাস্ট করেন। রাজ্জাক ভাইয়ের সাথে কাজের এতো স্মৃতি, যেটা বলে বা লিখে শেষ করা সম্ভব নয়।’




