জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশিদের জন্য জাপানে কাজের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ইকোনমিক কো-অপারেশন কারাসাওয়া শিঞ্জু। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও দয়ালু। বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানের পরিধি বাড়াতে পারবে এবং ভবিষ্যতে সমৃদ্ধির পাশাপাশি জাপানে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে ‘এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাপানি কূটনীতিক এসব কথা বলেন। নতুন এই একাডেমিটি করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সম্পূর্ণ অলাভজনক (নন-প্রফিট) উদ্দেশ্যে স্থাপন করা হয়েছে। বাংলাদেশি তরুণ-তরুণীদের জাপানি ভাষায় দক্ষ করে তোলা, তাদের আন্তর্জাতিক কর্মসংস্থানের উপযোগী করা এবং বিশ্ব শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তিকে তুলে ধরাই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, দেশের জনশক্তিকে জাপানে পাঠানোর জন্য ভাষা ও প্রযুক্তিগত যোগ্যতার ওপর বিশেষ জোর দিতে হবে। তিনি জানান, জাপানের বর্তমান সরকার টেকনিক্যাল বা কারিগরি খাতকে অগ্রাধিকার দিচ্ছে এবং এ সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এই একাডেমি থেকে শিক্ষার্থীদের জাপানি ভাষার পাশাপাশি জাপানের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য শেখাতে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
আরিফুরজামান খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসটি মিরাই জাপানিজ একাডেমির চেয়ারম্যান তামিকো মিজাই, পরিচালক কেনজি মিজাই, অকো টেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি কাইয়ূম জামান খান এবং আইটিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন।




