ভোরের আলোতেই মেঘনা নদীর বুক চিরে শান্তভাবে ছুটে চলে যাত্রীবাহী লঞ্চ। নদী থেকে ভেসে আসা হিমেল বাতাস, জেলেদের নৌকায় রুপালি ইলিশের ঝলকানি আর চারপাশের বিস্তীর্ণ সবুজ চরাঞ্চল যেকোনো ভ্রমণপ্রেমীর মন কেড়ে নেয়। ‘কুইন আইল্যান্ড অব বাংলাদেশ’ বা দেশের দ্বীপের রানি নামে পরিচিত ভোলা জেলা প্রকৃতি, ইতিহাস ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এক অনন্য জনপদ। প্রায় ৩ হাজার ৪০০ বর্গকিলোমিটার আয়তনের এই জেলার একদিকে বিশাল বঙ্গোপসাগর, অন্যদিকে মেঘনা ও তেঁতুলিয়ার প্রবাহ, ম্যানগ্রোভ বন, নদীবন্দর ও প্রাচুর্যময় মৎস্যসম্পদ।
প্রকৃতিপিয়াসী, ইতিহাস অনুরাগী কিংবা নদীমাতৃক বাংলাদেশের আবহমান রূপ প্রত্যক্ষ করতে চাওয়া পর্যটকদের জন্য শীতকাল ভোলা ভ্রমণের সবচেয়ে সেরা সময়। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত নদী শান্ত থাকে, আবহাওয়া থাকে আরামদায়ক। তবে বর্ষা মৌসুমেও ভোলার নদী ও প্রকৃতি ভিন্ন সাজে সেজে ওঠে, যদিও তখন আবহাওয়ার পূর্বাভাস ও নৌযান চলাচলের খবর জেনে ভ্রমণ করা জরুরি।
ভোলার চরফ্যাশন উপজেলায় নির্মিত প্রায় ২২৫ ফুট বা ৬৮.৫ মিটার উঁচু ১৬ তলাবিশিষ্ট ‘জ্যাকব টাওয়ার’ পর্যটকদের প্রধানতম আকর্ষণ। ফ্রান্সের আইফেল টাওয়ারের আদলে গড়া দেশের অন্যতম উঁচু এই ওয়াচ টাওয়ারের প্রতি তলায় ৫০ জন এবং পুরো টাওয়ারে একসঙ্গে ৫০০ দর্শনার্থী উঠতে পারেন। টাওয়ারের শীর্ষ থেকে মেঘনা নদী, সাগরের নীল জলরাশি, কেওড়াবন এবং দূরবর্তী চর কুকরি-মুকরির মনোরম দৃশ্য উপভোগ করা যায়, যা বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় অপরূপ রূপ ধারণ করে। আধুনিক লিফট, নিরাপদ ডেক ও বিশ্রামের সুবিধাসংবলিত এই টাওয়ারের পাশেই রয়েছে পরিবেশবান্ধব খাসমহল মসজিদ ও দৃষ্টিনন্দন ফ্যাশন স্কয়ার।
চরফ্যাশন উপজেলার দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোলঘেঁষে গড়ে উঠেছে প্রায় আট হাজার হেক্টরের বেশি আয়তনের ম্যানগ্রোভ বনাঞ্চল ‘চর কুকরি-মুকরি’। জীববৈচিত্র্য ও পরিবেশগত গুরুত্বের কারণে একে ‘বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন’ বলা হয়ে থাকে। এখানে চিত্রা হরিণ, বানর, শিয়াল, বনবিড়াল, উদবিড়াল, কচ্ছপ, বিভিন্ন বিষধর ও বিষহীন সাপ এবং অসংখ্য প্রজাতির পাখির দেখা মেলে। শীতের দিনগুলোতে অতিথি পাখির আগমনে মুখরিত হয়ে ওঠে এই বন, আর নদীর মোহনায় মাঝেমধ্যে ডলফিনের দেখা মেলে। নৌবিহার, পাখি দেখা ও ছবি তোলার জন্য এটি এক আদর্শ স্থান।
বঙ্গোপসাগরের বুকে ভেসে থাকা ‘ঢালচর’ সাদা বালুর সৈকত, সবুজ ম্যানগ্রোভ বন এবং লাল কাঁকড়ার অবাধ বিচরণক্ষেত্রের জন্য পরিচিত। কেওড়াগাছের সারি আর বনের সরু পথ ধরে হাঁটলে শিয়াল, হরিণ, বনবিড়াল ও নানা পাখি চোখে পড়ে। সৈকতে লাল কাঁকড়ার লুকোচুরি আর সমুদ্রের বুকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য ঢালচরের রূপ বহুগুণ বাড়িয়ে দেয়।
প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভোলার ইতিহাসও বেশ সমৃদ্ধ। ব্রিটিশ শাসনামলে নির্মিত ‘হায়দার আলী জমিদারবাড়ি’ তৎকালীন ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যশৈলীর মিশ্রণে তৈরি। সুদৃশ্য খিলান, উঁচু স্তম্ভ, প্রশস্ত বারান্দা ও অলংকৃত দরজা-জানালাসমৃদ্ধ এই প্রাসাদটি সেকালের বিচার-সালিশ ও প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। এছাড়া ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাংলা বাজার এলাকার মাজিবাড়ির সুপারি বাগানে সম্প্রতি উন্মোচিত হয়েছে সপ্তদশ শতকের শেষভাগ বা অষ্টাদশ শতকের শুরুর দিকের একটি প্রাচীন মোগল আমলের মসজিদ। প্রায় সাড়ে ২৪ ফুট দীর্ঘ এবং ১৯ ফুট চওড়া এই চুন-সুরকি ও গম্বুজবিশিষ্ট প্রাচীন স্থাপনাটি পরিদর্শনের পর প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে।
ভোলা ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ স্থানীয় খাবারের রসনা আস্বাদন। মেঘনার তাজা ইলিশ, সামুদ্রিক চিংড়ি, কোরাল, ভেটকি ও পোয়া মাছের পাশাপাশি স্থানীয়ভাবে তৈরি ‘মইষা দই’ বা ‘বোইলা দই’ অত্যন্ত জনপ্রিয়। মহিষের দুধের ঘি ও পনিরের অনন্য স্বাদ ভোলা শহর, ইলিশা, চরফ্যাশন ও লালমোহনের বিভিন্ন রেস্তোরাঁয় পাওয়া যায়।
ঢাকা থেকে ভোলায় যাওয়ার সহজ মাধ্যম হলো লঞ্চ। ঢাকা সদরঘাট থেকে প্রতিদিন সকালে, সন্ধ্যায় ও রাতে লঞ্চ ছেড়ে যায়। বিশেষ মৌসুমে বিলাসবহুল জাহাজ এবং পূর্বাচলের শিমুলিয়া পর্যটন ঘাট থেকেও পর্যটকবাহী নৌযান চলে। বিকল্প হিসেবে পদ্মা সেতু হয়ে বরিশাল পৌঁছে ফেরি বা লঞ্চে ভোলা যাওয়া সম্ভব। জেলা শহর থেকে উপজেলা ও চরে যেতে বাস, সিএনজি, মোটরসাইকেল বা স্পিডবোটের সুবিধা রয়েছে। তবে প্রত্যন্ত চরাঞ্চলে ভ্রমণের পূর্বে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে বুকিং সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।




