প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও মন্ত্রীর আত্মীয় ডা. মো. জাহিদুল হক জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রী ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান। সেখানে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট নগরীতে স্থানান্তর করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া মন্ত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার সকালে কোম্পানীগঞ্জে পৌঁছানোর পর থেকেই মন্ত্রী বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম করার মতো অস্বস্তি অনুভব করছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি তার পূর্বনির্ধারিত কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সফরসূচি বাতিল করেছেন। বর্তমানে তিনি সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্ত্রী আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে এবং তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এদিকে, মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনিও বর্তমানে দুদিনের সফরে সিলেটে অবস্থান করছেন।




