বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের দায়িত্বে থাকা একটি ইতালীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এই দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মোট ১৫ জন আরোহী ছিলেন। মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন ইতালীয় সেনাবাহিনীর সদস্য এবং দুজন ইতালীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবক সামরিক কোরের সদস্য। আহত ১১ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
সংবাদ সংস্থা আনসার তথ্য অনুযায়ী, ব্রকো জেলার গোরিচে গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত সামরিক পরিবহন হেলিকপ্টারটিকে মাটিতে উল্টে পড়া অবস্থায় দেখা গেছে। হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়ন ফোর্সের অপারেশন আলথিয়ার অংশ হিসেবে নিয়োজিত ছিল, যা মূলত ডেটন শান্তি চুক্তির বাস্তবায়ন তদারকি করে থাকে।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, 'এই গভীর শোকের মুহূর্তে, আমার প্রথম ভাবনা নিহতদের পরিবারের প্রতি। আমি তাদের প্রতি এবং পুরো প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে ব্যক্তিগত সমবেদনা জানাচ্ছি।' ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। বর্তমানে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখছে এবং দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে তদন্ত চলছে।




