দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটি ভ্রমণের সুযোগ পাবেন।
এবারের পর্যটন মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটককে দ্বীপে যাওয়ার অনুমতি দেওয়া হলেও এবার সেই সংখ্যা বাড়িয়ে সাড়ে ৩ হাজার নির্ধারণ করা হয়েছে। এছাড়া দ্বীপে রাত্রিযাপনের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা-ও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দ্বীপের পরিবেশ সংরক্ষণের স্বার্থে প্রত্যেক পর্যটককে অতিরিক্ত ১০০ টাকা ফি প্রদান করতে হবে।
গতবারের মতো এবারও কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। এর আগে গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। পর্যটকদের যাতায়াতের সময়সীমা বাড়ানো এবং রাত্রিযাপনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সরকারি সিদ্ধান্তে দ্বীপের স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।




