সৌদি আরবের পবিত্র দুই শহর মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। শনিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ মক্কা, জেদ্দা, তায়েফ এবং রাবিগ এলাকার বিভিন্ন স্থানে গিয়ে পড়েছে।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-র মাধ্যমে কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, মক্কার ওয়াদি আল-মাগমাস এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এছাড়া জেদ্দার আল-নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগ গভর্নরেটের মাসতুরাহ সেন্টারেও ধ্বংসাবশেষ পড়েছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হয়নি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের পরিস্থিতিতে নির্ধারিত নিয়ম ও পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি আরবের পক্ষ থেকে হামলার অভিযোগ আনা হলেও হুতি বিদ্রোহীরা মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে।
এর আগেও পবিত্র স্থানগুলোর আশেপাশে হামলার অভিযোগ উঠেছে। গত ১লা অক্টোবর সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুতিরা মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলা চালিয়েছিল। সেই হামলায় একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল ছিল। জোটের দাবি, ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হুতিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ওই বিদ্যুৎকেন্দ্রটি মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরব আরও জানায়, মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই একটি হুতি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। জোটের ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালের পর মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি ছিল দ্বিতীয় প্রচেষ্টা। সে সময় হুতিরা মক্কা বা কোনো পবিত্র স্থানকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছিল। একই দিনে মক্কা, ইয়ানবু, তায়েফ, জেদ্দা ও তাবুকের জন্য একাধিক সতর্কবার্তা জারি করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।




