স্পেনের রাষ্ট্রীয় পেনশন ব্যবস্থা সুরক্ষিত রাখা, মূল্যস্ফীতির সঙ্গে পেনশনের সমন্বয় নিশ্চিত করা এবং নারী-পুরুষের পেনশন বৈষম্য দূর করার দাবিতে রাজধানী মাদ্রিদে হাজারো মানুষ রাজপথে নেমে এসেছেন। আনাদোলুর তথ্যানুযায়ী, শনিবার আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা নিয়ে ভিন্নমত রয়েছে। আয়োজকদের দাবি অনুযায়ী প্রায় ৫০ হাজার মানুষ এতে অংশ নিলেও সরকারি হিসাবে এই সংখ্যা ছিল ২৫ হাজার।
এল পাইস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং পেনশন রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়, ‘পেনশন বিক্রির জন্য নয়, পেনশন রক্ষা করতে হবে’, ‘বিধবা ও বিপত্নীকদের কণ্ঠরোধ করা যাবে না’ এবং ‘তারাই এখানে আছেন, যারা আপনাদের পেনশনের জন্য লড়ছেন’—এমন সব দাবি।
বিক্ষোভকারীদের মধ্যে আগামী মাসে অনুষ্ঠেয় আগাম নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, নির্বাচনে জয়ী দলের ওপর দেশটির রাষ্ট্রীয় পেনশন ব্যবস্থার ভবিষ্যৎ নির্ভর করছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অবশ্য অভিযোগ করেছেন যে, ডানপন্থি পিপলস পার্টি (পিপি) ক্ষমতায় এলে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন বাড়ানোর বর্তমান ব্যবস্থাটি দুর্বল হয়ে পড়তে পারে।
বর্তমানে স্পেনে পেনশন বাবদ মাসিক ব্যয় রেকর্ড ১ হাজার ৬২০ কোটি ডলারে পৌঁছেছে। জনসংখ্যার বার্ধক্য, জন্মহার হ্রাস এবং মজুরি বৃদ্ধির স্থবিরতার মতো কারণগুলো দেশটির পেনশন ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। এদিকে, ইউরোপের অন্যান্য দেশেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বিদ্যালয়ের দুরবস্থাসহ বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক সময়ে ইতালি, ফ্রান্স ও বেলজিয়ামেও বিক্ষোভ হয়েছে, যা সামাজিক নিরাপত্তা ও নাগরিক সেবার মান নিয়ে জনমনে বিদ্যমান উদ্বেগের প্রতিফলন।




