দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তিনজন প্রাণ হারিয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২১৪ জনে পৌঁছেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, বরিশালে ১১৫ জন, সিলেটে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ২৪ জন এবং রাজশাহী বিভাগে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জন, যার মধ্যে ২৩ হাজার ২৭৩ জনের হাম নিশ্চিত হয়েছে।




