নগর প্রতিবেদক: পোলিও একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের স্থায়ী পক্ষাঘাতসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ শনিবার (২৪ অক্টোবর) বিশ্ব পোলিও দিবস উপলক্ষে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন থেকে বের হওয়া র্যালি ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫-এর রিপসা টিম আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান মানতাকা জামান কাপ্পী।
তিনি বলেন, এ রোগের নির্দিষ্ট নিরাময়মূলক চিকিৎসা নেই। তবে যথাযথ টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।
মেয়র বলেন, কোনো শিশু যেন টিকাদানের আওতার বাইরে না থাকে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যবিষয়ক ভুল ধারণা দূর করা জরুরি।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ পোলিও নির্মূলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশে সর্বশেষ বন্য পোলিও ভাইরাসজনিত রোগী শনাক্ত হয়েছিল ২০০৬ সালে। ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলকে পোলিওমুক্ত ঘোষণা করা হয়। তবে বিশ্বব্যাপী পোলিও নির্মূলের লক্ষ্য এখনো পুরোপুরি অর্জিত হয়নি। এ কারণে অর্জিত সাফল্য ধরে রাখতে নিয়মিত টিকাদান, রোগ শনাক্তকরণ ও নজরদারি কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
শাহাদাত হোসেন আরও বলেন, পোলিও নির্মূল কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সরকার, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংগঠন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের টিকাদান নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রোটারি ইন্টারন্যাশনালের ভূমিকার প্রশংসা করে মেয়র বলেন, পোলিও নির্মূলে সংগঠনটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। টিকাদান কার্যক্রমে সহায়তা, জনসচেতনতা সৃষ্টি ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে তারা জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নেও রোটারির মানবিক কার্যক্রম প্রশংসনীয়।
তিনি বলেন, একজন চিকিৎসক হিসেবে রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করি। টিকাদান শিশুদের বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষা দেয়। চট্টগ্রাম নগরীকে ‘হেলদি সিটি’ হিসেবে গড়ে তুলতে চসিক টিকাদান কার্যক্রম সফল করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. ফজলে রাব্বী এবং রিপসা কমিটির উপদেষ্টা ও ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি আব্দুল আহাদ। কর্মসূচির অংশ হিসেবে ১০ জন সুবিধাবঞ্চিত নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আয়োজন ও সমন্বয়ে দায়িত্ব পালন করেন কো-অর্ডিনেটর পিপি নজরুল ইসলাম নান্টু, পিপি মিনহাজ ইউ নাহিয়ান, পিপি ইব্রাহিম হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর পিপি সুদীপ কুমার চন্দা, রেজিস্ট্রেশন চেয়ার পিপি তাহিয়া কবির, রেজিস্ট্রেশন কো-চেয়ার পিপি জাহিদুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ও ইভেন্ট প্রমোশন চেয়ার পিপি হাসানুজ্জামান শান্টুসহ রিপসা ও রোটারি ডিস্ট্রিক্টের বিভিন্ন পর্যায়ের নেতারা।এছাড়া উপস্থিত ছিলেন রিপসার সিনিয়র কো-অর্ডিনেটর পিপি আবু তৈয়ব, পিপি মনিরুজ্জামান, পিপি ফেরদৌস আরা, সিনিয়র স্পেশাল এইড পিপি আফতাব উদ্দিন সিদ্দিকী, পিপি রিজওয়ান শাহিদী, পিপি এমদাদুল আজিজ চৌধুরীসহ বিভিন্ন রোটারি ক্লাবের বর্তমান ও সাবেক সভাপতি, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকরা জানান, বিশ্ব পোলিও দিবসের কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পোলিও নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের নিয়মিত টিকাদানের গুরুত্ব তুলে ধরা এবং এ বৈশ্বিক উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা। র্যালিতে অংশগ্রহণকারীরা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং রোটারি ইন্টারন্যাশনালের ‘এন্ড পোলিও নাও’ কর্মসূচির প্রতি সংহতি জানান।




