বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নির্বাচন কমিশনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনে কোনো প্রকার বাড়াবাড়ি হলে কমিশন ঘেরাও করে দিন-রাত অবস্থান নেওয়া হবে। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান স্পষ্টভাবে ঘোষণা করেন যে, কোনো চোরকে ভোট চুরি করতে দেওয়া হবে না। তিনি বলেন, এই দেশ ও দেশের মানুষ কোনো রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয়নি। দেশ ও সমাজ পরিচালনার দায়িত্ব জনগণই নির্ধারণ করবে।
দলীয় রুকনদের উদ্দেশে জামায়াত আমির বলেন, বর্তমানে জনগণের আস্থা জামায়াতের প্রতি বৃদ্ধি পাচ্ছে। তাই নিজ নিজ এলাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলতে হবে। আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং ভোট গণনা শেষে জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলাফল নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, কোনো পদেই দুর্বল প্রার্থী দেওয়া যাবে না এবং কোনো আসন ফাঁকা রাখা যাবে না। সব জায়গায় যোগ্য প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে হবে। সমাজে কোনো অবিচার বা অনিয়ম হলে জামায়াত নিষ্ক্রিয় থাকবে না উল্লেখ করে তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে রাজপথে প্রতিবাদ জানানো হবে এবং মানুষের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।




