শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বান্দরবান জেলায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উৎসব চলাকালে যেকোনো ধরনের গুজব, অপতথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে নেওয়া হয়েছে বিশেষ নজরদারি ব্যবস্থা। জেলার নয়টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর ১২ প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতির পাশাপাশি ছয়টি বিশেষ বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন শেষে এসব তথ্য নিশ্চিত করেন বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত জামিল। তিনি জানান, উসকানি বা বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরিদর্শনকালে ৩৮ বিজিবির বলিপাড়া জোন কমান্ডারসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা ঘিরে সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন বিজিবি সদস্যরা। বান্দরবান সেক্টর সদর দপ্তর এবং এর অধীনস্থ রুমা ব্যাটালিয়ন-৯, বলিপাড়া ব্যাটালিয়ন-৩৮ ও আলীকদম ব্যাটালিয়ন-৫৭-এর নিজ নিজ আওতাধীন এলাকায় থাকা নয়টি পূজামণ্ডপকে এই নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয়েছে। শুধু মণ্ডপ নয়, আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোতেও নিয়মিত টহল দেওয়া হচ্ছে।
জরুরি ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিজিবির ডগ স্কোয়াড ও মাইন সুইপিং টিম। একই সঙ্গে নিরাপত্তা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দায়িত্ব পালনকারী সদস্যরা ব্যবহার করছেন বডি-অন ক্যামেরা।
বিজিবির সেক্টর কমান্ডার রুবায়েত জামিল সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে ব্যাপারে আশ্বস্ত করেন। তবে যেকোনো অপপ্রচারে কান না দিয়ে জনগণকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। কোনো তথ্য যাচাই-বাছাই না করে সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও প্রচার না করা এবং সম্প্রীতি বজায় রাখতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এই কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষা ও পুরো নিরাপত্তা পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়নে জেলা পুলিশ, স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে বিজিবি সমন্বিতভাবে কাজ করছে।




