রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে পরিদর্শনকালে এক চিকিৎসকের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ওই ঘরের পরিবেশও অপরিচ্ছন্ন ছিল। এই ঘটনায় জড়িত চিকিৎসককে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশসহ সামগ্রিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করেন। সেখানে ওই চিকিৎসককে নিজ কক্ষে ধূমপানরত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একজন চিকিৎসকের এমন অনভিপ্রেত আচরণ এবং কক্ষের নোংরা পরিবেশ দেখে প্রধানমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে শিশু হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পরই সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
হাসপাতাল পরিদর্শনের এই সময়ে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার তাগিদ দেন। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।




