মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি স্পষ্ট করেছেন যে ২০৩০ সালে তার বর্তমান প্রেসিডেন্সিয়াল মেয়াদ শেষ হবে। তিনি জানিয়েছেন, ক্ষমতায় থাকার সময়সীমা বাড়াতে দেশটির সংবিধানে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না। শনিবার মিসরের নতুন প্রশাসনিক রাজধানীতে অবস্থিত সামরিক একাডেমির সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের বরাতে এ তথ্য জানা গেছে।
নিজের মেয়াদ সম্পর্কে সিসি বলেন, ‘২০৩০ সালেই আমার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত।’ তিনি সংবিধানে কোনো পরিবর্তন না আনার ওপর জোর দিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক নীতির সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের মৌলিক ভিত্তি, গণতন্ত্র এবং সাংবিধানিক ব্যবস্থা রক্ষার বিষয়টি সশস্ত্র বাহিনীর ভূমিকার সঙ্গে সংবিধানেই নির্দিষ্ট করা আছে।
নতুন প্রজন্মের নেতাদের প্রস্তুতির কথা তুলে ধরে সিসি বলেন, ‘আমি মিশর রাষ্ট্রকে ততক্ষণ পর্যন্ত ছেড়ে যাব না, যতক্ষণ না এটি দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো সক্ষম মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে।’
ভাষণের এক পর্যায়ে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় মিসরের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। সিসি বলেন, ‘সৌদি আরবকে সুরক্ষিত রাখতে আমরা যেকোনো পদক্ষেপ নেব।’ তিনি আরও জানান, এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার অনুরোধ আসলে তিনি পার্লামেন্টের জরুরি অধিবেশন আহ্বান করবেন। এছাড়া ভ্রাতৃপ্রতিম উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড রক্ষা ও প্রতিরক্ষায় মিসর সবসময় দৃঢ়ভাবে পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।




