প্রদীপ দাশ ,কক্সবাজার: কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা আজ রবিবার(১৬ আগস্ট)দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নান।
সভা পরিচালনা করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিপ্লব বড়ুয়া।
সভায় জেলার সকল উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী (এনজিও) সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রম, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা, পরিবার কল্যাণ কার্যক্রমের অগ্রগতি এবং চলমান বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য করার বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
এডিসি বলেন, রোহিঙ্গা শরণার্থী নতুন ও পুরাতন ক্যামগুলোতে পরিবার পরিকল্পনা সেবায় ছেলে হোক মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট, এ নিয়ে আলোচনা করা যায় কিনা বিবেচনা করার আহ্বান জানান।
এ সময় অংশগ্রহণকারীরা দুর্গম ও বন্যাপ্রবণ এলাকায় পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য সেবা আরও জোরদার করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবার পরিকল্পনা বিভাগের চলমান কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তা- কর্মচারীদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সংশ্লিষ্ট সকল দপ্তর, উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।




