দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রাম মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ দমনে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেল তিনটায় চট্টগ্রামের দামপাড়া পুলিশ কন্ট্রোল রুমে আয়োজিত অনুষ্ঠানে সিসিটিভি মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এ সময় তিনি ফলক উন্মোচনের মাধ্যমে কার্যক্রমটির সূচনা করেন।
সিএমপি সূত্রে জানা যায়, সমন্বিত মনিটরিং ব্যবস্থার আওতায় নগরীর ৯টি থানার অধীন ৮১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ২৬৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে কমিশনার হাসিব আজিজ বলেন, নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে, যা অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমকে আরও সহজ ও দ্রুত করবে।
তিনি আরও বলেন, এই ব্যবস্থার মাধ্যমে নগরীর বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।
উদ্বোধন শেষে কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিসিটিভি মনিটরিং কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)-সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




