দি ক্রাইম ডেস্ক: সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
শুক্রবার (২২ মে) রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল পশ্চিমপাড়া গাংপার এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- সালমান শাহ (৩২) ও আলী হোসেন (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী পরিচয়ের সূত্রে ভুক্তভোগীকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় সেখানে আরও একজন উপস্থিত ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। বর্তমানে তারা জালালাবাদ থানায় রয়েছেন।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন দুইজনকে হেফাজতে নেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরও জানান, ওই ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের অগ্রগতি ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




