আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলায় শিক্ষার গুণগত মান পরিবর্তন চাই। শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।পরীক্ষাই শতভাগ পাশের পরিকল্পনা নিতে হবে। শিক্ষার্থীদেরকে ক্লাসমুখী করতে হবে। কর্মই প্রাধান্য পাবে। উন্নয়নমূলক কর্মকান্ডে স্বচ্ছতা দেখতে চাই। আজ বৃহস্পতিবার(২৩ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে আলাপ কালে আনোয়ারা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন উপরোক্ত মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের প্রয়োজন। এসএসসি ও সমমান পরীক্ষার পরপরই শিক্ষার মানোন্নয়ন ও গুণগতন পরিবর্তনে কাজ করা হবে। এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার গুণগত পরিবর্তনের তাগাদা দেয়া হয়েছে।
চলতি মাসের ৮ এপ্রিল নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আনোয়ারা উপজেলায় তিনি যোগদান করেন।
স্কুল কলেজ ও মাদ্রাসা প্রধানদের নিয়ে উপজেলা কনফারেন্স রুমে তিনি বৈঠক করেন। বৈঠকে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নে তিনি জোর দেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়াও উপজেলার উন্নয়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের অগ্রগতিতে পদক্ষেপ নেয়া হবে বলে জানান। ইতিমধ্যেই ক্রীড়া অঙ্গনের উন্নয়নে কাজ শুরু হয়েছে।




