দি ক্রাইম ডেস্ক: মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় একটি পরিত্যক্ত মুদি দোকান থেকে তিন বালতি তাজা ককটেল ও কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার করা বালতিগুলোতে আনুমানিক অর্ধশতাধিক ককটেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৯ বীর মাওয়া সেনানিবাসের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সেনাবাহিনী সূত্র জানায়, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কয়েকদিন ধরে এলাকায় টহল জোরদার করা হয়েছিল। শনিবার রাত প্রায় ৯টার দিকে ঢালিকান্দি এলাকার মানিক শিকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পাশের একটি পরিত্যক্ত দোকানে রাখা তিনটি লাল প্লাস্টিকের বালতি দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ককটেল উদ্ধার করা হয়। একই স্থান থেকে মোবাইল টাওয়ারে ব্যবহৃত বেশ কয়েকটি চোরাই ব্যাটারিও পাওয়া যায়।
স্থানীয়দের দাবি, পূর্ব বিরোধের জেরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। শনিবার সন্ধ্যায় নোয়াদ্দা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বলেন, জেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা কঠোরভাবে দমন করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।




