ঢাকা ব্যুরো: ক্ষমতাসীন দল তথা আওয়ামী লীগকে অন্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলে (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উন্নয়নের নামে লুটপাট প্রক্রিয়ার সঙ্গে সরকারের অংশীদারিত্ব রয়েছে।ভয়াবহ দুর্নীতি, সীমাহীন অপচয় ও লুটপাট সরকার না দেখার ভান করছে। বেমালুম অস্বীকার করে দুর্নীতি ও অপচয়কে তারা আরও উৎসাহিত করেছে।
তিনি আরও বলেন, রিজার্ভের অপরিকল্পিত ব্যয় ও প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে মারাত্মক জটিল ও ঘোলাটে করে তুলেছে। এটা আকস্মিক কোনো ঘটনা বা দুর্ঘটনা নয়। তথাকথিত ‘অপ্রতিরোধ্য উন্নয়নের’ ডামাডোলে দেশের অর্থনীতি আজ বিপর্যয়ের সম্মুখীন।
জিডিপিতে প্রবৃদ্ধি, অফুরন্ত রিজার্ভ নিয়ে সরকার আত্মতৃপ্তিতে নিমজ্জিত থাকলেও বেকারত্ব ও মুদ্রাস্ফীতিতে জীবনযাত্রার মান তছনছ হয়ে পড়েছে। সরকার তা বিবেচনায় নেয়নি। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অর্থনৈতিক ব্যবস্থাপনার মূলে রয়েছে স্বার্থান্বেষী ব্যক্তি ও গোষ্ঠীর সংকীর্ণ স্বার্থ উদ্ধার করা। আইনের শাসন, গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রক্রিয়ার মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
অংশীদারত্বমূলক উন্নয়ন দর্শনে অর্থনীতির সমন্বিত ও ইতিবাচক পদক্ষেপে উন্নয়নের সমতা ও কল্যাণ অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন জেএসডির সভাপতি।




