বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বত্তাইল্লা পুকুর এলাকায় অবস্থিত “মোহাম্মদীয়া এগ্রো অ্যান্ড কেটল ফার্ম”-এ গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের দুই শ্রমিককে জিম্মি করে মারধর এবং ৩৬টি ছাগল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন খামার মালিক।
আজ রবিবার (১০ মে) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খামার মালিক মাওলানা হেদায়তুর রহমান।
তিনি জানান, একদল দুর্বৃত্ত গভীর রাতে খামারে প্রবেশ করে শ্রমিক জহিরুল ইসলাম (৫৩) ও মনোহর আলমকে (৫৫) হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তাদের মারধর করে জিম্মি অবস্থায় রেখে খামারে থাকা ৩৬টি ছাগল লুট করে নিয়ে যায়।
খামার মালিকের দাবি, ডাকাতদল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে এবং এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, খামারটিকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল।
মাওলানা হেদায়তুর রহমান অভিযোগ করে বলেন, “আমার গবাদিপশু ও মৎস্য চাষে সাফল্য দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এই লুটপাট চালিয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। খামার উচ্ছেদের লক্ষ্যেই হামলা ও ডাকাতি সংঘটিত হয়েছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোছাইন বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




