ঢাকা অফিস: ১৯৯১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করেছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সে সময় দলটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেমের স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আখ্যা দেন।১৯৯৬ ও ২০০১ সালে নৌকার টিকিট নিয়ে নির্বাচন করেন। কিন্তু জাতীয় সংসদের সদস্য হতে পারেননি। সেই মান্নাই তার সাবেক রাজনৈতিক দলকে দেশের ‘প্রথম চোর’ হিসেবে আখ্যা দিলেন।
মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ দেশের প্রথম চোর। স্বাধীনতার পর তারাই প্রথম ব্যালট বাক্স চুরি করেছে। আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি ভোট ছাড়া ক্ষমতায় থাকার জন্য। শেখ হাসিনাও এখন ভোট ছাড়া ক্ষমতায় আছেন। এরশাদ স্বৈরাচার ছিলেন, তার চেয়ে বেশি স্বৈরাচার এ সরকার। এরশাদ ও আইয়ুব খানও এভাবে উন্নয়নের গল্প শুনিয়েছেন। সবাই একসাথে রাস্তায় নামলে সরকারের পতন হবে। যুগপৎ আন্দোলনে সরকারের পতন ঘটাতে আমাদেরকে পারতেই হবে।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ১২ বছর ধরে প্রমাণ হয়েছে উন্নয়নের নামে সরকার যা করেছে তা একেকটি লুটপাটের প্রজেক্ট। সরকারের লোকেরা হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করেছে। দেশে এক কোটি শিক্ষিত বেকার। ৬ কোটি টাকার কাজ ১০ কোটি টাকা দিয়ে করেছে।
শেখ হাসিনা আমেরিকা-লন্ডনে গিয়ে দেশগুলোর নেতাদের ‘ম্যানেজ’ করতে গেছেন মন্তব্য করে তিনি আরও বলেন, তিনি দেশগুলোয় গিয়ে বোঝাচ্ছেন আমরা ইভিএম’এ ভোট করি। ইভিএম তো স্বচ্ছ। এজন্যই আমাদেরকে বোঝাতে হচ্ছে এই ইভিএম সেই ইভিএম নয়। বাংলাদেশের ইভিএম চুরির বাক্স। চুরি করার ইভিএম। এখানে ভোটের পর পেপার ট্রেইল বের হয়।




