লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপির উদ্যোগে ২৮ আগস্ট রবিবার বিকেল বেলা একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
জ্বালানী তেল, পরিবহন ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি, ভোলা জেলা ছাত্রদল সভাপতি ও স্বেচ্ছাসেবকদল নেতাকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। লোহাগাড়া উপজেলার আমিরাবাদের রাজঘাটা এলাকার এক কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাজঘাটা এলাকায় প্রদক্ষিণ করে।
মিছিলের নেতৃত্বে ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন ও সদস্য সচিব সাজ্জাদুর রহমান। মিছিলপূর্ব সংক্ষিপ্ত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মুহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উপজেলা বিএনপি নেতা এডভোকেট আবুল তাহের, সাহেদুল আনোয়ার, এসএম আবুল সায়েদ চৌধুরী টিটু, আবু সেলিম চৌধুরী, মুন্সি ফরিদ উদ্দীন, খোরশেদ আলম সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে একটি পক্ষ বিক্ষোভ মিছিল সহকারে লোহাগাড়া বটতলীতে প্রবেশ করে। বটতলী ষ্টেশনে প্রদক্ষিণের একপর্যায়ে পুলিশ পৌঁছলে মিছিলকারীরা দ্রুত গা ঢাকা দেয়। উপজেলা বিএনপির নেতারা বলেন, লোহাগাড়া বটতলী ষ্টেশনে যারা বিক্ষোভ মিছিল করেছে তাদের সাথে বিএনপির কোন সম্পর্ক নেই।




