ঢাকা ব্যুরো: বিএনপি-জামাত সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর এতে অংশ নিতে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন। ফলে সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠেছে।
বুধবার (১৭ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের আয়োজনে এই সমাবেশ হচ্ছে। বিকেল ৪টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল আকারে নেতাকর্মীদের ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রে রূপ নিয়েছে।
আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসদের সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির উস্কানির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হচ্ছে।
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা-মহানগর, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের সব নেতাকর্মীকে এই কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।




