স্পোর্টস ডেস্ক: গত মৌসুমটা মোটেই ভালো কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। চ্যাম্পিয়নস লিগেও কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। সবমিলিয়ে টালমাতাল অবস্থা। এমন অবস্থার মধ্যেই জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন দলটির মিডফিল্ডের অন্যতম ভরসা পল পগবা। তাইতো এই পজিশনে বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জং কে আনার চেষ্টা করে যাচ্ছেন নতুন কোচ ইরিক টেন হাগ।
এরই মধ্যে ওল্ড ট্রাফোর্ডে কাজ শুরু করে দিয়েছেন অ্যাজাক্সের সাবেক এই কোচ। এই গ্রীষ্মে দলবদলের বাজারে তার প্রথম টার্গেট ফ্রেঙ্কি। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, বার্সেলোনার সঙ্গে প্রাথমিক চুক্তিতে রাজি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৬৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে রাজি তারা। অন্যান্য ফি মিলিয়ে ৮০ মিলিয়ন হবে! তবে এখন পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষর হয়নি।
বার্সেলোনাও ফ্রেঙ্কিকে ছাড়তে রাজি বলেই এখন শোনা যাচ্ছে! আর কয়েকটি শর্ত মিললেই হয়ে যাবে চুক্তি। যদিও ফ্রেঙ্কি ডি জং সরাসরিই বলেছেন, তিনি বার্সাতেই থাকতে চান। দেখা যাক এখন তার ভাগ্যে কি লেখা আছে।




