ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) সাইবার হামলার শিকার হয়েছে। ‘সিরিউসিম’ নামের একটি হ্যাকার গোষ্ঠী ব্যাংকের গ্রাহকদের গোপন তথ্য নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। এই সাইবার হামলার ফলে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, ঋণের আবেদন এবং অ্যাকাউন্ট খোলার নথিপত্র হ্যাকারদের হাতে চলে গেছে বলে জানা গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব গ্রাহকের তথ্য চুরির শিকার হয়েছে, তাদের ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সতর্ক করা হয়েছে। এসবিআই এক বিবৃতিতে দাবি করেছে, গ্রাহকদের অ্যাকাউন্ট এবং তহবিল সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। তবে সাইবার নিরাপত্তা মনিটরিং করা ‘সাইবারপালস৫৬’ হ্যান্ডল থেকে জানানো হয়েছে, এই ঘটনায় প্রায় ৩ লাখ ৮০ হাজার তথ্য বিভিন্নভাবে ফাঁস হয়েছে। এসবিআই কর্তৃপক্ষ এই খবরের সত্যতা আংশিকভাবে স্বীকার করেছে।
ফাঁস হওয়া ডেটাসেটে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, আবাসিক ঠিকানা, ঋণের আবেদন ও সহায়ক নথিপত্র রয়েছে বলে দাবি করা হচ্ছে। সাইবারপালস৫৬-এর তথ্যমতে, ১৬ অক্টোবর এই হ্যাকিংয়ের বিষয়টি সামনে আসে। তবে তথ্য ফাঁসের উৎস এবং ঠিক কতজন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়। একই গ্রাহকের একাধিক রেকর্ড থাকার সম্ভাবনা থাকায় প্রকৃত ক্ষতিগ্রস্তের সংখ্যা নিরুপণে সময় প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, চুরি হওয়া তথ্য ব্যবহার করে পরিচয় জালিয়াতির মাধ্যমে ঋণের আবেদন করার মতো বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। ভারতের ৫০ কোটির বেশি গ্রাহক এসবিআইয়ের সঙ্গে যুক্ত, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই ব্যাংকের ওপর সাইবার আক্রমণের প্রভাব গ্রামীণ অর্থনীতিসহ পুরো দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারতের আর্থিক খাতে সাইবার নিরাপত্তা ঝুঁকি বাড়ায় চলতি বছরের শুরুতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে। এসবিআইয়ের সিস্টেমে সরাসরি অনুপ্রবেশ ঘটেছে কি না, তা নিয়ে এখনো কোনো স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।




