গাজীপুরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকার ডেঙ্গুর আলী সড়কে অবস্থিত দারুল হেদায়া কওমি মাদ্রাসায় আট বছরের এক আবাসিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভয়ভীতি দেখিয়ে শিশুটির ওপর একাধিকবার যৌন নিপীড়ন চালানো হয় বলে অভিযোগে জানা গেছে। এ ঘটনায় এক শিক্ষকসহ মোট তিনজনের নাম উল্লেখ করে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১১ অক্টোবর রাত আনুমানিক দেড়টা এবং ১২ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে ওই শিশুকে মাদ্রাসার স্টোর রুমে নিয়ে যৌন নিপীড়ন করা হয়। ঘটনাটি কারো কাছে প্রকাশ করলে মারধর করা হবে বলেও শিশুটিকে ভয় দেখানো হয়েছিল। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে শিশুর মা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে গিয়ে অভিযোগ জানান। তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো আইনি বা প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে ভুক্তভোগীর মা দাবি করেন।
এ ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্তরা হলেন— শিক্ষক অলিউল্লাহ ইসলাম (২৩), মোহাম্মদ মিজান (৩৮) ও মো. আব্দুল কুদ্দুস শেখ (৪৫)। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তারের পর শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।




