মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকার আরজু ভিলা নামক একটি চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঘটা এই মর্মান্তিক ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর সঙ্গে একই ফ্ল্যাটে বসবাসকারী এক যুবককে হেফাজতে নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে হঠাৎ ওই চারতলা ভবন থেকে এক নারী নিচে লাফিয়ে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সময় ওই ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, বাসার লোকজন বাইরে অবস্থানকালে ঘরের ভেতর থেকে অদ্ভুত শব্দ হওয়ার বিষয়টি তারা ফোনে জানালে সংশ্লিষ্টরা দ্রুত ফিরে আসেন। তাৎক্ষণিকভাবে মৃত ওই নারী ও ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই নারী ও এক পুরুষ অনলাইন অ্যাপসের মাধ্যমে আসবাবপত্রসহ ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।




