এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা বোর্ড। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক কর্মপরিকল্পনায় এই তথ্য জানানো হয়েছে।
কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে। এরপর ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ৩১ ডিসেম্বর পরীক্ষার ফল প্রকাশের দিন ধার্য করা হয়েছে। প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ হওয়ার পর পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পরই কারা সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এ সুযোগ দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।
এদিকে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ১ নভেম্বর শুরু হবে এবং শিক্ষার্থীরা অনলাইনে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আবেদনকারীদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর ৯ থেকে ১২ নভেম্বর পরীক্ষক নিয়োগ ও উত্তরপত্র সংগ্রহের কাজ চলবে।
পরবর্তীতে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে। ২০ নভেম্বরের মধ্যে নম্বর পরিবর্তনসংক্রান্ত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে জমা দিতে হবে। এরপর ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নম্বর এন্ট্রি ও তথ্য যাচাই এবং ২৪ থেকে ২৬ নভেম্বর চূড়ান্ত যাচাই প্রক্রিয়া চলবে। সবশেষে ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে এবং এর পরেই সম্পূরক পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ও যোগ্যতার বিষয়টি জানানো হবে।




