ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। এই বিক্ষোভের মুখে মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণঘাটিসহ আশপাশের শিল্পাঞ্চলের কারখানাগুলো কর্তৃপক্ষ আবারও বন্ধ ঘোষণা করেছে।
বিক্ষোভের সময় অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি আশপাশের আবাসিক এলাকাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শ্রমিকদের ধাওয়া দিলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বর্তমানে ঘটনাস্থলে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।




