ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ী নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন সৌজন্য সাক্ষাৎ করেছেন পরাজিত জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের সঙ্গে। শুক্রবার দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় অবস্থিত দেলাওয়ার হোসেনের বাসভবনে যান। এ সময় তিনি পরাজিত প্রার্থীকে ফুলের তোড়া উপহার দেন।
নির্বাচন-পরবর্তী এই সাক্ষাতের সময় দুই প্রার্থীর মধ্যে কুশল বিনিময় হয় এবং দেলাওয়ার হোসেন নবনির্বাচিত সংসদ সদস্যকে মিষ্টিমুখ করান। এছাড়া তারা এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দুই প্রার্থীর এই সৌহার্দ্যপূর্ণ আচরণকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। এছাড়াও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম ৩ হাজার ২৮৯ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ৪৫০ ভোট পেয়েছেন।
সাক্ষাতের সময় মির্জা ফয়সল আমীন বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পরমতসহিষ্ণুতা গণতন্ত্রের বড় শক্তি। তিনি দেলাওয়ার হোসেনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিপুলসংখ্যক মানুষ তাকে সমর্থন দিয়েছেন। ঠাকুরগাঁও ও দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন তিনি। দেলাওয়ার হোসেনও এই সৌজন্য সাক্ষাতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এসময় উভয় পক্ষের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




