রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গত সোমবার বিকালে পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চককরিম (তেলিপাড়া) এলাকায় ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তিনটি হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ভুক্তভোগী দিনেশ চন্দ্র মহন্ত জানান, সন্ধ্যার দিকে একদল লোক তাদের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্রসহ তিনটি ছাগল লুট করে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
হামলা ও ভাঙচুরের ঘটনায় সৌরভ চন্দ্র মহন্তের বাবা বিশ্ব চন্দ্র মহন্ত বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ৩১ নম্বর এই মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে গুর্জিপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে শফিকুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, ধর্মীয় অবমাননার অভিযোগ এনে আমিনুল দাফাদার বাদী হয়ে পীরগঞ্জ থানায় আরেকটি মামলা দায়ের করেন। ৩০ নম্বর এই মামলায় সৌরভ চন্দ্র মহন্তকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ঘটনার খবর পেয়ে সোমবার রাতে রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. মোজাম্মেল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থল পরিদর্শন করেন। পীরগঞ্জ থানার ওসি নজমুল হক জানান, দুটি পৃথক মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




