রাজবাড়ী শহরের ব্যস্ততম পান্না চত্বর এলাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন (৩৫)। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় তিনি ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন। আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার বর্ণনা দিয়ে আমির হোসেন লিটন জানান, রাজবাড়ী আদালত থেকে একটি মামলার কাজ শেষ করে অটোরিকশায় করে শহরের বড় বাজারে যাচ্ছিলেন তিনি। পথে পান্না চত্বর অতিক্রম করার সময় সালেহ আহম্মেদ সুজন ও ইনসান নামের দুই ব্যক্তি রিকশাটি ওভারটেক করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান হাতে গুলি লাগে। এ সময় তার সঙ্গে থাকা আরেক ব্যক্তির পেট ঘেঁষে আরেকটি গুলি বেরিয়ে যায়। হামলাকারীরা ঘটনাস্থলে আরও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
আহত ব্যবসায়ী নেতা আরও জানান, অভিযুক্ত সালেহ আহম্মেদ সুজনের বিরুদ্ধে আগেই একটি জিডি করা ছিল। তিনি সুজনকে খারাপ প্রকৃতির মানুষ হিসেবে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।




