রাজধানীর হাজারীবাগে অবস্থিত এ জে আর কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয়ে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলাকারীরা সিসি ক্যামেরা, ডিভিআর এবং বেশ কয়েকটি ল্যাপটপসহ কয়েক লাখ টাকার পণ্য লুট করে নিয়ে গেছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যার দিকে শতাধিক ব্যক্তি কার্যালয়ের সামনে জড়ো হয়। তারা প্রথমে আশপাশের বাড়ির সিসি ক্যামেরাগুলো অকেজো করে দেয়। এরপর মুখোশ ও হেলমেট পরা সন্ত্রাসীদের একটি দল দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের হুমকি দেয়। হামলাকারীরা কার্যালয়ের আসবাবপত্রও ভাঙচুর করেছে।
এ জে আর কুরিয়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির মাধ্যমে জমিটি ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটি তাদের প্রধান গুদাম ও কার্যালয় নির্মাণ করেছিল। চুক্তি অনুযায়ী তারা নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছিল। তবে হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের হুমকি দিয়ে দাবি করেছে যে, শিকদার গ্রুপের মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে এবং এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে। ভাড়া না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
প্রতিদিন চার শতাধিক গাড়ির মাধ্যমে পণ্য আনা-নেওয়া করা এই প্রতিষ্ঠানটির কার্যক্রম হামলার পর থেকে বন্ধ রয়েছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানিয়েছেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম করে ভাঙচুর ও হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
কার্যালয়টি থেকে প্রতিদিন ৪০০ গাড়ি সারা দেশে পণ্য আনা নেওয়ার কাজ করে।




